‘প্যারিসের জন্য আমার সেরা অবস্থায় থাকতে চাই’ প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪ পুরুষ টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা রেকর্ড ১০টি। আরও অসংখ্য রেকর্ড সমৃদ্ধ করেছে নোভাক জোকোভিচের বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখনও একটি অপূর্ণতা রয়েই গেছে তার। কেননা এখনও যে অলিম্পিকসে স্বর্ণ জিততে পারেননি তিনি। তাই এই বছরের প্যারিস অলিম্পিকসে সর্বোচ্চটা দিয়ে সেই স্বপ্ন পূরণে করতে চান সার্বিয়ান তারকা। এখনও পর্যন্ত চারবার অলিম্পিকসে অংশ নিয়ে কোনোবার ফাইনালেই খেলতে পারেননি জোকোভিচ। যেখানে প্রথমবার তিনি অলিম্পিকসে অংশ নেন ২০০৮ সালে। বেইজিংয়ের ওই আসরে সেমি-ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারের পর ব্রোঞ্জ জিততে পারেন। এরপর তিনবার অলিম্পিকসে খেলতে গিয়ে তিনি দুবার হেরে যান ব্রোঞ্জ পদকের লড়াইয়ে। ২০১৬ রিও অলিম্পিকসে তো বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই। প্যারিস অলিম্পিকস গুরুত্ব তাই ৩৬ বছর বয়সী জোকোভিচের কাছে এখন সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘প্যারিস অলিম্পিকস খুবই গুরুত্বপূর্ণ। অলিম্পিকস সবসময়ই আমার কাছে অগ্রাধিকার ছিল। কিন্তু গত তিন বা চারটি অলিম্পিকসে আমার পক্ষে শেষ ধাপে (ফাইনাল) পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি এখন একটু ভিন্ন। ক্লে কোর্টে প্রথমবার আমরা অলিম্পিকস খেলব। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে চাই আমি।’ ফরাসি ওপেনের ঐতিহ্যবাহী ভেন্যু রোলাঁ গারোঁতে প্যারিস অলিম্পিকসে টেনিসের আসর বসবে। ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। আগামী ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত হবে ক্লে কোর্টের এই টুর্নামেন্ট। জুলাইয়ের শেষ দিকে হবে অলিম্পিকস। তিনি আরও বলেন, ‘প্যারিসের জন্য আমার সেরা অবস্থায় থাকতে চাই, সেখানেই আমার সেরা টেনিস খেলতে চাই। অন্য যে কোনো কিছু বোনাস। তাই দেখা যাক, কী হয়।’ Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: অবস্থাপ্যারিস