গরমে সুস্থ থাকতে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

ভিটামিন সি থেকে প্রোটিন- ছয় ধরনের পুষ্টি উপাদান খাদ্যাভ্যাসে রাখা উচিত।

শরীর থেকে ঘামের মাধ্যমে নানান রকম খনিজ উপাদান বের হয়ে যায়, পাশাপাশি দেখা দেয় পানিশূন্যতা।

তাই গরমে সুস্থ থাকতে সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান নিশ্চিত করা প্রয়োজন।

তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে দেহে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরালো রাখার পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হয়।

হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রত্যয়িত পুষ্টিবিদ ডা. রোহিনি পাতিল, গরমে সুস্থ থাকতে উপকারী অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ উপাদান গ্রহণের পরামর্শ দেন।

তিনি বলেন, “রোদের কারণে দেহে পানিশূন্যতা ও পুষ্টির অভাব দেখা দেয়। কেবল উদরপূর্তি নয় বরং এই সময়ে সুস্থ থাকতে ও দেহকোষ সতেজ রাখতে সঠিক পুষ্টির প্রয়োজন রয়েছে।”

ভিটামিন সি

ত্বক ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি উপকারী। গরমকালে ত্বক অনেক বেশি সূর্যালোকের সংস্পর্শে আসে, ফলে ফ্রি রেডিকেল উৎপাদন বৃদ্ধি পায়। আর অক্সিডেটিভ চাপ বাড়ে।

ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ক্ষতি থেকে সুরক্ষিত রাখে।

ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে- লেবু, আঙুর, টমেটো, আলু, স্ট্রবেরি, ব্রকলি, পেঁপে।

ম্যাগনেসিয়াম

পেশি ও স্নায়ুর কার্যকারিতার ভারসাম্য বজায় রাখতে ম্যাগনেসিয়াম উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়তা করে। গরমের মাসগুলোতে ঘাম বেশি হয়। শারীরিক কার্যকরিতা বাড়ে। ফলে দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়।

ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট যা দেহে তরলের ভারসাম্য রক্ষা করে। তাই গরমকালে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কয়েকটি খাবার হল- চিয়া বীজ, কাঠবাদাম, পালংশাক, কাজুবাদাম, চিনাবাদাম, সয়া দুধ, ডার্ক চকলেট।

পটাসিয়াম

ম্যাগনেসিয়ামের মতো পটাসিয়াম একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট যা দেহের তরলের ভারসাম্য রক্ষা করে এবং পেশি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে।

ঘামের কারণে দেহ থেকে পটাসিয়াম হ্রাস পায় এর ফলে পেশিতে ব্যথা, দুর্বলভাব ও ক্লান্তি অনুভূত হয়।

পটাসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে দেহের হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পুনরুদ্ধার করা যায়।

পটাসিয়াম সমৃদ্ধ কয়েকটি খাবার হল- মটর, ডাল, ব্রকলি, অ্যাভোকাডো, কলা, শুকনো ফল যেমন- কিশমিশ।