কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

সিরাজগঞ্জের কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে এই কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এ অভিযানে অংশ নিয়েছেন সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক। পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে বক্তব্য দেন– পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।