প্রবাসীদের ভোটিং সিস্টেম শুরু করতে চাই, বললেন সিইসি প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি, অনলাইন ও পোস্টাল ভোটিং পদ্ধতির খুঁটিনাটি রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর সঙ্গে বৈঠকে সিইসি বলেন, আপনাদের মতামতে আমরা গুরুত্ব দিতে চাই। প্রবাসীদের ভোটিং সিস্টেম শুরু করতে চাই। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, পরবর্তী নির্বাচনী কার্যক্রমে আপনাদের দাওয়াত দেবো, আপনারা আবার আসবেন। প্রক্সি ভোট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে গণঅধিকারসহ বেশ কয়েকটি দল। একইভাবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামসহ আরও কয়েকটি দল। সেমিনারে প্রবাসীদের ভোটিংয়ের জন্য তিনটি প্রস্তাব (অনলাইন, প্রক্সি ও পোস্টাল ব্যালট পদ্ধতির ভোটিং সিস্টেম) উপস্থাপন করা হযেছে। রাজনৈতিক নেতারা বলেন, আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেবো। কোনটা সবচেয়ে ভালো হয় সে মতামত দেবো।এর আগে সকালে প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে প্রবাসী ভোটাররা কোনদিনই ভোট দিতে পারেননি। প্রবাসী ভোটাররা আমাদের মোট ভোটারদের ১০ শতাংশ। আমাদের লক্ষ্য প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেমে আনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ থেকে কত মানুষ প্রবাসে স্থায়ী হতে যায়, এই তালিকা কোথাও নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইটি, কোথাও নেই। কত প্রবাসী ফিরে এসেছে সেই তালিকাও নেই। কাজেই এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হয়। এই রাজনীতিবিদ বলেন, আমেরিকার নাগরিক বাংলাদেশে আসলে তাদের দূতাবাসে রিপোর্ট করতে হয়। আমাদের দেশের নাগরিকদের জন্য এমন সিস্টেম নেই। আমি নিজে দেখেছি অনেক প্রবাসীর পাসপোর্ট নেই। অনেকেই আবার মৃত ব্যক্তির পাসপোর্টে প্রবাসে যায়। তাই শুধু এনআইডি বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করলে হবে না। কেননা, সবার এনআইডি নেই। তাই পাসপোর্টও বিবেচনায় নিতে হবে। আবার অনেকের কোনোটাই নেই। এই বিষয়গুলোর কী হবে? প্রবাসীদের ভোটার করার ব্যাপারে তিনি বলেন, এটা ঠিক যে বহু জেলা আছে যেখানে প্রবাসী খুব কম। আবার কিছু জেলা আছে সেখাতে এতো প্রবাসী যে তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। প্রভাবিত করলে অসুবিধা নেই। তারা যদি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তাহলে নির্বাচন ব্যবস্থাকেও যদি পাল্টে দিতে পারে, দিক না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের দলীয় ফোরামে বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করতে হবে। এখানে প্রক্সি ভোটের বিষয়ে আলোচনা করা হয়েছে। ধরে নিলাম এক্স ওয়াইকে প্রতি ভোটের জন্য মনোনীত করলো। তাতে ওয়াই এক্সের মনোভাবকে এক্সিকিউট নাও করতে পারেন। যেখানে ১৫ মিলিয়ন ভোটার আছে। এখানে টেন পার্সেন্টও যদি মিস ইউজ করে এক্সের প্রতিফলন না ঘটায়, তাহলে ভোটের ফল পরিবর্তন হয়ে যেতে পারে। SHARES জাতীয় বিষয়: জনৈতিকদলগুলো