৪০ দিনের নিষেধাজ্ঞার পর খুললো আল-আকসা মসজিদ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের মধ্যে ইসরাইলের আরোপিত ৪০ দিনের নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেয়া হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের মধ্যে ইসরাইলের আরোপিত ৪০ দিনের নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মুসল্লিদের জন্য মসজিদটি খুলে দেয়া হয়।

ঘটনাস্থলে থাকা এক সংবাদদাতা জানান, মসজিদটি ভোরে খুলে দেয়া হয়, যার ফলে শত শত ফিলিস্তিনি মুসলিম আল-হারাম আল-শরিফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন। বিপুলসংখ্যক মুসল্লি সেখানে ভিড় জমান। এ সময় মসজিদের প্রাঙ্গণে অনেককে কাঁদতে এবং কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়।

ভোরের নামাজের জন্য শত শত মুসলিম সারিবদ্ধভাবে দাঁড়ান। ৪০ দিন বন্ধ থাকার পর সেখানে প্রথম সম্মিলিত প্রার্থনা এটি।

এর আগে, ৬ এপ্রিল ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির মসজিদটি বন্ধ থাকা অবস্থাতেই সেখানে অভিযান চালান।

ইরানের ওপর হামলার সাথে মিল রেখে, ২৮ ফেব্রুয়ারি ইসরাইল আল-আকসা মসজিদে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছিল, আর অন্যান্য ফিলিস্তিনিদের শহরের বিভিন্ন ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়েছিল।

কর্তৃপক্ষ এ বছর আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতেও বাধা দিয়েছে, যা ১৯৬৭ সালে ইসরাইলের পূর্ব জেরুজালেম দখলের পর এই ধরনের প্রথম নিষেধাজ্ঞা।

একই সময়ে ইসরাইলি কর্তৃপক্ষ জেরুজালেমের খ্রিষ্টধর্মের অন্যতম পবিত্র স্থান চার্চ অফ দ্য হোলি সেপালকারও বন্ধ করে দিয়েছিল।

ইসরাইলি সরকার জরুরি অবস্থার মেয়াদ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু মসজিদটি সেই পুরো সময় বন্ধ থাকবে কি-না, তা স্পষ্ট করেনি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি