সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে : আমানউল্লাহ আমান প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৬ ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। বুধবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা মাঠে ঢাকা-২ আসনে রোহিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৭৬৯ জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্যও ভাতা প্রদানের কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, খালকাটা কর্মসূচি শুরু হয়েছে। সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, মানুষ যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির ভিত্তিতে বিএনপিকে ভোট দিয়েছে, সেই অঙ্গীকার বাস্তবায়নের দিকেই সরকার এগিয়ে যাচ্ছে। জনগণের কল্যাণে নেওয়া এসব উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: আমানউল্লাহ আমানঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেনতা বাস্তবায়ন করেফ্যামিলি কার্ড বিতরণবিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে