শাহজালালে আনসার সদস্যদের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতায় এক বিদেশগামী যাত্রীর হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মালামালসহ হাতব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ব্যাগটিতে পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

সোমবার (২২ জুন) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেট এলাকায় এক যাত্রী অসাবধানতাবশত তার হাতব্যাগ ফেলে চলে যান।

ওই এলাকায় দায়িত্বে থাকা আনসার সদস্য মো. রইস উদ্দিন ব্যাগটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে নিজের হেফাজতে নেন এবং বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. জামিরুল ইসলামকে জানান।

পরে যাত্রীর সন্ধানে বিমানবন্দরের F IDS (ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম)-এর মাধ্যমে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট যাত্রী সেখানে উপস্থিত হয়ে ব্যাগ হারানোর বিষয়ে যোগাযোগ করেন।

যাত্রীর পরিচয় নিশ্চিত করতে তার মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ব্যাগে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) এবং অন্যান্য মালামাল অক্ষত অবস্থায় প্রকৃত মালিক আব্দুল হাকিম সরকার-এর নিকট হস্তান্তর করা হয়। তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।

নিজের মূল্যবান মালামাল ফিরে পেয়ে আব্দুল হাকিম সরকার গভীর স্বস্তি প্রকাশ করেন এবং আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ঘটনা তাদের সততা, দায়িত্ববোধ এবং জনসেবার প্রতি অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।