ব্রাজিলকে টপকে গ্রুপসেরা না হতে পেরে হতাশ মরক্কো

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

হাইতির বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করলেও গ্রুপসেরা হওয়ার লক্ষ্য পূরণ করতে না পারায় হতাশ মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। গোল পার্থক্যে ব্রাজিলের পেছনে থেকে রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়েছে উত্তর আফ্রিকার দলটিকে।

বৃহস্পতিবারের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারায় মরক্কো। তবে একই সময়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ফলে সমান পয়েন্ট নিয়ে শেষ করলেও গোল পার্থক্যের কারনে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গ্রুপপর্বে ব্রাজিল সাত গোল করে হজম করেছে মাত্র একটি। অন্যদিকে মরক্কো ছয় গোল করলেও তিনবার বল তুলতে হয়েছে নিজেদের জাল থেকে। হাইতির বিপক্ষে দুটি গোল হজম করাই শেষ পর্যন্ত গ্রুপসেরা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, দলের লক্ষ্য ছিল গ্রুপের শীর্ষস্থান দখল করা। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া হাইতি নিজেদের হারানোর কিছু না থাকায় অনেক স্বাধীনভাবে খেলেছে।

তিনি বলেন,‘আমরা গ্রুপসেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না এবং তারা প্রতি-আক্রমণে খুব ভালো খেলেছে। তারা সবসময়ই আবেগ নিয়ে খেলে, তবে আজ আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলেছে কারণ তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল।’

রানার্সআপ হওয়ায় শেষ ৩২-এ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে মরক্কো। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান বা সুইডেন।

তবে প্রতিপক্ষ নিয়ে কোনো উদ্বেগ নেই ওয়াহবির। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কোর এই কোচ বিশ্বাস করেন, তার দলের সামর্থ্য রয়েছে অনেক দূর যাওয়ার।

তিনি বলেন,‘আমাদের কোনো পছন্দ নেই এবং এ নিয়ে কিছু করারও নেই। তারা তিনটি ভিন্ন ধরনের দল, তাই আমাদের সবার বিপক্ষেই প্রস্তুত থাকতে হবে। এটি বিশ্বকাপ এবং আমরা এখানে বড় স্বপ্ন নিয়ে এসেছি। শেষ পর্যন্ত সামনে যে দলই আসুক, তার বিপক্ষেই আপনাকে খেলতে হবে।’