ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা। অন্যদিকে, লেবাননে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি-মার্কিন আইনপ্রণেতা রাশিদা তালিব জানিয়েছেন, তিনি ইসরায়েলকে ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের একটি বিলে সমর্থন দেবেন। চলতি সপ্তাহেই এর ওপর ভোট হবে।

রাশিদা তালিব বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো একটি বাহিনীকে আমরা আর এক পয়সাও দেবো না। তার মতে, অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিপক্ষে। ইলহান ওমরসহ আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতা এই বিলে সমর্থন জানিয়েছেন। বিলটি প্রস্তাব করেছেন রিপাবলিকান নেতা থমাস ম্যাসি। তিনি বিদেশে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী।

এদিকে, গত মঙ্গলবার লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনাদের সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবাননেই থাকবে।

নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যতদিন সশস্ত্র থাকবে, আমরা এখানেই থাকব। আমরা ইরানের ওপরও হামলা করে বড় হুমকি দূর করেছি।