সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের যাচাই শেষে প্রোফাইলে ‘ভেরিফায়েড’ অবস্থা দেখালে নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে। 

রবিবার (১১ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলথ কার্ড পেতে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারে অনুমোদিত প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। এরপর হেলথ কার্ড নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।

ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক আপলোড করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় ও তথ্য যাচাই করে প্রোফাইলের অবস্থা ‘ভেরিফায়েড’ হিসেবে হালনাগাদ করলে যেকোনো কর্মদিবসে নির্ধারিত কক্ষ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা যাবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাসপাতালের এইচএসএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কোনো রোগী পরপর দুবার চিকিৎসকের পরামর্শ নিতে অনুপস্থিত থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিলের সুযোগ থাকা সত্ত্বেও তা বাতিল না করলে তার ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

পরে ওই আইডি ব্যবহার করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। 

এ ছাড়া পরীক্ষার প্রতিবেদন পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট কাউন্টার থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রোগীদের নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এ জন্য হাসপাতালের ওয়েবসাইটের [www.skh.gov.bd) ‘আমার প্রোফাইল’ অপশন ব্যবহার করতে হবে।

সরকারি কর্মচারী ও তাদের নির্ভরশীল ব্যক্তি, মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অনলাইনে নিবন্ধনের পর প্রয়োজনীয় প্রমাণক ও মূল কাগজপত্র নিয়ে হাসপাতালের ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।

সেখানে নিবন্ধন অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

নিবন্ধন ও হেলথ কার্ডসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং সহায়তার জন্য হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।