নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ থেকে গুলি, দুই জেলে গুলিবিদ্ধ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ থেকে বাংলাদেশের জলসীমায় জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) সকাল এগারোটার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

গুলিবিদ্ধ জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার আবু ছিদ্দিকের ছেলে ফারুক মিয়া (৩৭) ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোঃ ইসমাইল (১৯)। গুলিবিদ্ধ জেলেরা সাগরে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে তীরে ফিরছিলেন।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এসময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমারের একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করেছিলাম। এরপরও তারা মানেনি।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ফারুকের ৩ টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

এদিকে বিজিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নাফ নদীর মোহনায় সাগর থেকে মাছ ধরে ফেরার সময় মিয়ানমারের যুদ্ধ জাহাজ থেকে বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের বোটকে লক্ষ্য করে গুলি চালানো হয়। উক্ত গুলিতে ফারুক মিয়া (৩৭)’র ডান পায়ের পাতায় ১ টি, ডান হাতের আংগুলে ১ টি এবং বাম পায়ের হাঁটুর ওপরে ১টি গুলি লাগে। এবং মোঃ ইসমাইলের (১৯) ডান হাঁটুতে একটি গুলির আঁচড় লাগে।