কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

আগামী ২৮শে জুন ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন । মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের সংবিধান অনুযায়ী, কোন প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন দিতে হবে পরবর্তী ৫০ দিনের মধ্যেই, ফলে দলগুলো নিজেদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য খুবই কম সময় পায়।

সমস্ত প্রভাবশালী রক্ষণশীল দলগুলোর মধ্যে তাই এখন চূড়ান্ত প্রার্থী নিয়ে নানান বাছবিচার চলছে। তবে আগের জাতীয় নির্বাচনে প্রচুর পরিমাণ প্রার্থিতা বাতিল হওয়া এবং প্রশাসন যেভাবে সাম্প্রতিক বিক্ষোভ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, তাতে অনেক সংস্কারপন্থী দল ও নেতারা এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন।

এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিবন্ধিত ৮০ জনের মধ্যে ছয়জনের প্রার্থিতা অনুমোদন করেছে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত একটি প্যানেলগার্ডিয়ান কাউন্সিল। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির তত্ত্বাবধানে এই কাউন্সিল গঠিত। এমনকি সরকার পরিচালনার দায়িত্বে থাকা প্রেসিডেন্টকেও শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতা করতে হয়। এবার নির্বাচনে চূড়ান্ত ছয় প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে পাঁচজনই কট্টরপন্থী। একজন মধ্যপন্থী।

মোহাম্মদ বাগের গালিবাফ

ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং খামেনির মিত্র, গালিবাফ কট্টরপন্থী অধ্যুষিত পার্লামেন্টের বর্তমান স্পিকার। ৬২ বছর বয়সী গালিবাফ এর আগে দুবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন এবং একবার ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। তেহরানের মেয়র হিসেবে রেকর্ড ১২ বছর ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ সালে মেয়রের দায়িত্ব নিয়েই তেহরানের রক্তক্ষয়ী অস্থিরতা দমনে সাহায্য করেছিলেন তিনি।

সাঈদ জালিলি

জালিলি একজন কট্টরপন্থী কূটনীতিক। ১৯৮০ দশকে ইরান-ইরাক যুদ্ধে গার্ডদের পক্ষে লড়াই করার সময় তিনি তার ডান পা হারিয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি অর্জন করা জলিলি ২০০৭ সাল থেকে পাঁচ বছরের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ৫৮ বছর বয়সী সাবেক এই উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ২০১৩ সালে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য নিযুক্ত করেছিলেন খামেনি। স্বয়ংক্রিয়ভাবে প্রধান পারমাণবিক আলোচক জালিলি একবার প্রেসিডেন্ট পদপ্রার্থীও হয়েছিলেন।

মাসুদ পেজেশকিয়ান

৭০ বছর বয়সী পেশায় চিকিৎসক পেজেশকিয়ান পাঁচবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২২ সালে পুলিশের হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর বিষয়ে ইরান সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।

মোস্তফা পুরমোহাম্মদী

ছয়জন প্রার্থীর মধ্যে গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক অনুমোদিত একমাত্র ধর্মগুরু মোস্তফা পুরমোহাম্মদী। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৮৮ সালে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকজন বিশিষ্ট ভিন্নমতাবলম্বী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে ভূমিকা রেখে মানবাধিকার সংস্থাগুলোর অভিযুক্তের তালিকায় ছিলেন তিনি। ৬৫ বছর বয়সী পুরমোহাম্মদী অবশ্য এ অভিযোগের কোনো জবাব দেননি।

আলীরেজা জাকানি

গত তিন বছর ধরে তেহরানের কট্টরপন্থী মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯ বছর বয়সী আলিরেজা জাকানি। সাবেক এই আইন প্রণেতাকে ২০১৩ ও ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। বিপ্লবী গার্ডের একটি সহযোগী বাহিনী-বাসিজের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জাকানি। রাইসিকে সমর্থনের জন্য ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন তিনি।

আমির হোসেন গাজিজাদেহ-হাশেমী

বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং শহিদ ফাউন্ডেশনের প্রধান গাজিজাদেহ-হাশেমি একজন কট্টরপন্থী রাজনীতিবিদ। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। ৫৩ বছর বয়সী হাশেমি পেশায় নাক, কান, গলার সার্জন। এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।