হানিয়ার কারণে মুক্তি পেল না দিলজিতের সিনেমা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

অনেকদিন ধরেই বিতর্কে ভারতীয় পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তার আসন্ন ছবি ‘সর্দারজি থ্রি’ নিয়ে ভারতজুড়ে আলোচনা তুঙ্গে। এবার সিনেমাটি ঘিরে নেওয়া হলো চূড়ান্ত সিদ্ধান্ত; শেষ পর্যন্ত দেশটিতে মুক্তিতে বাধা পড়ল সিনেমাটি। 

ভারতীয় গণমাধ্যমের খবর, আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না দিলজিৎ-হানিয়ার এই সিনেমা। আদতে এই সিনেমা নিয়ে বিতর্কের সূত্রপাত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে। কারণ, সিনেমায় দিলজিতের বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে।

কাশ্মিরের পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। এমনকি পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়াও বন্ধ করা হয়েছে ভারতে। বলিউডের বেশ কয়েকটি ছবির পোস্টার থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাক শিল্পীদের মুখ। এরপর ‘সর্দারজি থ্রি’ থেকে হানিয়াকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডের বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয় দিলজিতের ছবির শুটিং। তাই হানিয়াকে নিয়েই সেই ছবির কাজ শেষ করতে হয় এই পাঞ্জাবি তারকাকে।এদিকে সিনেমাটির ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ঝলকেই স্পষ্ট, কোনোভাবেই সরিয়ে দেওয়া যায়নি হানিয়াকে। তিনি ছবিতে রয়েছেন। তবে সেই ঝলক ইউটিউবে ভারতীয় দর্শকেরা দেখতে পাচ্ছেন না। নির্মাতারাই এই ছবির ঝলক ভারতীয়দের জন্য প্রকাশ করেননি। তাই ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলজিৎ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, “২৭ জুন ‘সর্দারজি থ্রি’ শুধুমাত্র আন্তর্জাতিক পরিসরেই মুক্তি পাচ্ছে।”