বর্ষীয়ান অভিনেত্রী বিজয়া মারা গেছেন

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ভারতের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে বিজয়া মেহতা এক অবিচ্ছেদ্য নাম। ষাটের দশকে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত বিখ্যাত নাট্যদল ‘রঙ্গায়ন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। প্রখ্যাত নাট্যকার বিজয় তেন্ডুলকর, অভিনেতা অরবিন্দ দেশপাণ্ডে এবং শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে হাত মিলিয়ে তিনি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন। যা মারাঠি নাটকের গতিপথ বদলে দেয়। তার সাহসী ভূমিকায় নাটক কেবল বিনোদন নয়, বরং সমাজ, রাজনীতি ও মানুষের মত প্রকাশের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল।

মঞ্চের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করেছেন বিজয়া মেহতা। ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) সিনেমার পরিচালক হিসেবে আন্তর্জাতিকভাবে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পার্টি’ সিনেমায় তাঁর অভিনয় আজও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা কাজ হিসেবে স্মরণ করা হয়।

১৯৩৪ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্গত গুজরাটের বরোদায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল বিজয়া জয়বন্ত। থিয়েটারের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি বিখ্যাত নাট্যব্যক্তিত্ব ইব্রাহিম আলকাজি এবং আদি মারজবানের অধীনে নাট্যের দীক্ষা নেন।