শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।

জানা গেছে, গতকাল রাতে গাজীপুরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহতরা দাবি করেছেন, মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।