দুবাইয়ে ১৬ কেজির স্বর্ণের দুল বানিয়ে জোড়া বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

ওজন ১৬ কেজিরও বেশি, দুবাইয়ের তৈরি এমনই এক জোড়া ওজনের সোনার কানের দুল এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জোড়া কীর্তি গড়েছে। ২২ ক্যারেট সোনায় নির্মিত এই দুল জোড়াটি অর্জন করেছে বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী কানের দুল হওয়ার গৌরবময় স্বীকৃতি।

 

শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত ‘জুয়েল অব জয়’ শোরুমে দুল দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি, জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন পল আলুক্কাসসহ জুয়েলারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘এ থাউজেন্ড পিকক’ নামের কানের দুল দুটি তৈরি করেছে জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাস। এর সম্মিলিত নিট স্বর্ণের ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। আগের বিশ্বরেকর্ডের তুলনায় এ ওজন পাঁচ গুণেরও বেশি। এছাড়া কানের দুল দুটি ১ দশমিক ২১৫ মিটার লম্বা এবং এর ব্যাস ০ দশমিক ৬৮২ মিটার। কয়েক মাস ধরে ৫৫ জন দক্ষ কারিগর মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা কাজ করে এগুলো তৈরি করেছেন।

জুয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী জন পল আলুক্কাস জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটির চার দশকের পথচলা এবং দুবাইয়ের উন্নয়নযাত্রা থেকেই এমন কিছু তৈরির ভাবনা আসে। দুবাইকে সোনার শহর হিসেবে আরও পরিচিত করে তুলতে এবং শহরটির অর্জনে অবদান রাখতেই তারা এই উদ্যোগ নেন।

তিনি বলেন, ‘দুবাই সব সময়ই স্বর্ণের শহর হিসেবে পরিচিত। এই সৃষ্টি শহরটির পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।’

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বৃহত্তম জুয়েলারি শোরুম হিসেবে ‘জুয়েল অব জয়’ চালু করা হয়। বিশ্বরেকর্ড গড়া দুল দুটি সেখানে স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা বিনামূল্যে শোরুমে গিয়ে দুল দুটি দেখতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়, ‘এ থাউজেন্ড পিকক’ নামের অর্থ ‘এক হাজার ময়ূর’। ভারতীয় সংস্কৃতিতে ময়ূর সৌন্দর্য, গর্ব ও আভিজাত্যের প্রতীক। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ঘণ্টাকৃতির দুল ‘ঝুমকা’র আদলে তৈরি হয়েছে কানের দুল দুটি।

প্রতিষ্ঠানটির বর্ণনা অনুযায়ী, নকশাটির পেছনে রয়েছে এক ঐশ্বরিক ময়ূরের কিংবদন্তি। কথিত আছে, ময়ূরটি এক হাজার পালক ঝরিয়েছিল, যার প্রতিটিতে ছিল একটি প্রার্থনা, ইচ্ছা কিংবা স্বপ্নের প্রতীক। দুলের সূক্ষ্ম নকশায় ময়ূরের পালকের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

উন্মোচনী অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক দুটি বিশ্বরেকর্ডের সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দুবাই গোল্ডেন জুয়েলারি গ্রুপের সদস্য ও বিপণন কমিটির প্রধান লায়লা মোহাম্মদ সুহাইল, দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আলহারমুদি এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ নীতিবিষয়ক কর্মকর্তা লেভি পেজুলুসহ অন্য অতিথিরা।

জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস বলেন, ‘দুবাইয়ের প্রতি শ্রদ্ধা এবং এই অসাধারণ কাজের পেছনে থাকা কারিগরদের সম্মান জানাতেই দুল দুটি তৈরি করা হয়েছে। একটি সৃষ্টির মাধ্যমে দুটি গিনেস বিশ্বরেকর্ড অর্জন তাদের পরিবার, ১৩টি দেশে থাকা কর্মী এবং দীর্ঘদিনের গ্রাহকদের জন্য গর্বের মুহূর্ত।’