হজের যেসব আমল ও স্থান ইবরাহিম (আ.) এর স্মৃতিবিজড়িত

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

হজ ইসলামের এক অনন্য মহান ইবাদত। এর মাধ্যমে মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ভালোবাসার অম্লান স্বাক্ষর অঙ্কিত হয়। এই ইবাদত নির্দিষ্ট সময় ও নির্ধারিত পবিত্র ভূমিতে নির্ধারিত কর্মপন্থার আলোকেই সম্পাদন করতে হয়। কারণ, হজের প্রতিটি স্তম্ভ, প্রতিটি ধাপ, আলাদা করে এক একটি স্মরণীয় নিদর্শন, যা সরাসরি নবী ইবরাহিম (আ.) ও তাঁর পবিত্র পরিবারকে স্মরণ করায়।

হজ ফরজ হয় এমন সৌভাগ্যবান মুমিনের ওপর, যারা শারীরিক, আর্থিক ও পারিবারিক সামর্থ্যে পরিপূর্ণ। যাদের পক্ষে পবিত্র ভূমিতে পৌঁছানো, সেখানে অবস্থান করা এবং পরিবারের প্রয়োজনীয় রসদ সংস্থান বজায় রাখা সম্ভব। আর এই ফরজ ইবাদত জীবনে একবারই পালন করা অপরিহার্য।

হজের প্রতিটি আনুষ্ঠানিকতা যেন নবী ইবরাহিম (আ.)-এর অবিচল বিশ্বাস, হাজেরা (আ.)-এর অশ্রুসিক্ত দৃঢ়তা এবং ইসমাইল (আ.)-এর পরম আত্মত্যাগের অবিনশ্বর প্রতিচ্ছবি। কাবা শরিফের তাওয়াফ থেকে শুরু করে সাফা-মারওয়ার সাঈ, আরাফার ময়দানে চোখের পানিতে ভেজা দোয়া সবকিছুতেই ফুটে ওঠে প্রভুর প্রতি প্রেমের অমোচনীয় ইবারত।

হজ, তাই কেবল একটি ইবাদত নয়; বরং ইমানের শুদ্ধতম প্রকাশ, ভালোবাসার সর্বোচ্চ উচ্চারণ এবং পরম আনুগত্যের এক অমর অধ্যায়।