মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ ওষুধসহ তিন যুবক আটক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ মিয়ানমারে পাচারকালে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাইক্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, ব্যাটালিয়ন সদস্যরা এসব ওষুধ জব্দ করেন। আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়ার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার (২০)। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র তুমব্রু বিওপির অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা ট্রাকটি থামায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। জব্দকৃত ঔষধসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটকদের কাছ থেকে উদ্ধারকৃত ওষুধসহ অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। লে. কর্নেল খায়রুল বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সায়ীদ আলমগীর/কেজে/এএসএম Download PhotoCard SHARES বাংলাদেশ বিষয়: মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ ওষুধসহ তিন যুবক আটক