এলিফ্যান্ট রোডে উচ্ছেদ অভিযান, জরিমানা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাজধানীর এলিফ্যান্ট রোড (সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড়) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

​ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে করপোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) এ যৌথ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে রাস্তার দুই পাশের সব প্রকার অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়।

​এছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুজন ব্যবসায়ীকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।