বংশালে নিখোঁজ, এক বছর পর শাহ আলীতে কিশোরী উদ্ধার

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

রাজধানীর বংশালে নিখোঁজের এক বছর পর শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

বংশাল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন কিশোরীর বাবা মো. জিন্নাত বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, জিডির তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা কিশোরীকে পরবর্তী সময়ে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।