আট মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল গ্যাবন

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬
মধ্য আফ্রিকার দেশ গ্যাবন দীর্ঘ আট মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির উচ্চ যোগাযোগ কর্তৃপক্ষ (এইচএসি) এক টেলিভিশন বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনলাইন কনটেন্টের মাধ্যমে সংঘাত ও বিভাজন ছড়ানোর অভিযোগ এনে ফেসবুক, টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল।

প্রায় ২৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে তরুণদের কাছে সামাজিক মাধ্যমগুলো ব্যবসা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। হুট করে এই নিষেধাজ্ঞা আসায় তা বড় ধাক্কা হয়ে আসে। তবে নিষেধাজ্ঞা চলাকালীন সাধারণ মানুষ বিকল্প হিসেবে ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ অব্যাহত রেখেছিল।

শিক্ষক ও সরকারি কর্মচারীদের কম বেতন এবং নিম্নমানের কর্মপরিবেশের বিরুদ্ধে চলা ধর্মঘট নিয়ন্ত্রণ করার জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে সময় বিরোধীরা একে সরকারের ক্ষমতার অপব্যবহার বলে আখ্যায়িত করেছিল।

উল্লেখ্য, তেল ও কাঠ-সমৃদ্ধ এই দেশটিতে পূর্বের সরকারগুলোও তথ্য নিয়ন্ত্রণে এমন ডিজিটাল ব্ল্যাকআউট বা নিষেধাজ্ঞা ব্যবহার করত।