শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কবীর-লালন ভাবসংগীত উৎসব

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এ উৎসব উদ্বোধন করবেন শ্রীমঙ্গলের কৃতি লেখক-গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ।

 

এ উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকা থেকে আসছেন কবীর -লালন মিউজিক্যাল মিশনের ১০ জন গুণী ভাবসংগীত শিল্পী। তাদের পরিবেশনায় কবীর ও লালনের মুক্ত ভাবধারার গান ধারাভাষ্যসহ উপভোগের সুযোগ পাবেন এ অঞ্চলের রসগ্রাহী দর্শক-শ্রোতারা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লালন বিশ্বসংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কবীর ও লালনের দর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক মুক্ত চেতনা এবং মরমী সংগীতের ঐতিহ্য তুলে ধরা হবে। ভাবসংগীতের মধ্য দিয়ে মানুষে মানুষে সদ্ভাব, সম্প্রীতি, মানবিকতা ও আত্মোপলব্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য।

শ্রীমঙ্গলে পর্যটন ও সাংস্কৃতিক নানা আয়োজন থাকলেও কবীর-লালন ভাবসংগীতকে কেন্দ্র করে এ ধরনের উৎসব স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার ১০ জন গুণী শিল্পীর অংশগ্রহণ উৎসবটিকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

সংগীতপ্রেমী, সংস্কৃতিকর্মী ও দর্শক-শ্রোতাদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে মরমী ভাবসংগীতের চর্চা ও প্রসার আরো গতিশীল হবে।

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমিতে এ উৎসব শুরু হয়ে দেশের ৭ বিভাগে সফলভাবে সুসম্পন্ন করে শ্রীমঙ্গলে আগামী ৩০ অক্টোবর শুক্রবার এর সমাপনী ঘটবে।

এ উৎসবের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে নিয়োজিত শ্রমজীবী কবীরপন্থী ও রবিদাসপন্থী সম্প্রদায়ের সঙ্গীত ও নৃত্য নিবেদনের মধ্য দিয়ে।