ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে : শফিকুর রহমান

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচন আসলেই একটি দেশ (ভারত) ঠিক করে- কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এবার সেই সুযোগ আর নেই। আমাদের তরকারিতে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে। তাই ভারতকে বলব আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছে যে বাংলাদেশের ১৬ ডিসেম্বরের বিজয় দিবসে তাদের ভূমিকা বেশি। তারা এই বিজয়কে তাদের বিজয় বলে দাবি করেছে। আমরা নরেন্দ্র মোদির টুইটের তীব্র নিন্দা জানাচ্ছি।