সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে। গত বছর প্রতিষ্ঠানটির পণ্যসমূহ এসই ল্যাবস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভোক্তা, ক্ষুদ্র ব্যবসা ও এন্টারপ্রাইজ খাতের জন্য ক্যাসপারস্কির পণ্যগুলো বছরের প্রতিটি প্রন্তিকে শতভাগ অ্যাকুরেসি রেটিং পেয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে।

ক্যাসপারস্কি তাদের পণ্যগুলোতে সর্বোচ্চ টোটাল অ্যাকুরেসি রেটিং স্কোর অর্জন করেছে। বিশেষ করে, ক্যাসপারস্কি প্লাস, ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস ও ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি পণ্যগুলো প্রথম তিন প্রান্তিকে ১ হাজার ১৪০ স্কোর ও চতুর্থ প্রান্তিকে ১ হাজার ১৪৪ স্কোর অর্জন করেছে। এর মাধ্যমে তারা প্রতি প্রান্তিকে শীর্ষস্থান ধরে রেখেছে।

এছাড়া এসই ল্যাবস পরীক্ষায় ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর উইন্ডোজ আলাদাভাবে চিহ্নিত হয়েছে। ক্যাসপারস্কি তাদের ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ভোক্তা ও এন্টারপ্রাইজ উভয় বাজারে শীর্ষস্থান অধিকার করেছে, যা তাদের সুরক্ষা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে।

ক্যাসপারস্কির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, গত বছর চারটি কোয়াটারে শীর্ষস্থান অর্জন করা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা গ্রাহকদের সর্বোত্তম ও উদ্ভাবনী সাইবার নিরাপত্তা সলিউশন প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির অংশ। সাইবার জগতের হুমকি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, আর এই স্বীকৃতি নিশ্চিত করে, আমাদের প্রযুক্তি বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী ও ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও সঠিক ভূমিকা পালন করছে।’