ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দলগুলো, হতে পারে ‘কিং মেকার’

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে পারে আরব নেতৃত্বাধীন দলগুলো। মঙ্গলবারের (২৭ অক্টোবর) ভোটের বুথফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, দেশটির পার্লামেন্ট নেসেটে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।

১২০ আসনের নেসেটে এ ফল বাস্তবায়িত হলে তা হবে আরব দলগুলোর জন্য বড় সাফল্য। একই সঙ্গে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের ভোটদানের হারও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আরব নাগরিকদের মধ্যে ভোটদানের হার প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এই হার।

‘কিং মেকার’ হতে পারে আরব দল

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, জয়েন্ট লিস্ট ও রা’আম—আরব নেতৃত্বাধীন এই দুই রাজনৈতিক জোট সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।

ভোট গণনার এক-তৃতীয়াংশের বেশি শেষ হওয়ার পর জয়েন্ট লিস্ট নয় শতাংশের বেশি ভোট পেয়েছিল। তবে এসব ফল প্রাথমিক। চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যা বদলে যেতে পারে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের বিপরীতে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট প্রতিদ্বন্দ্বিতা করছে।

রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস আশা করছেন, চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে।

আব্বাস চ্যানেল ১২-কে বলেন, বর্তমান সংখ্যায় সরকার গঠনের মতো অবস্থান তৈরি হয়নি। তার দলকে ঘিরে নির্বাচনের আগে ও পরে দুই প্রধান রাজনৈতিক শিবিরের যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

রা’আম বর্তমানে নেসেটে পাঁচটি আসনের অধিকারী। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে ক্ষমতায় থাকা জোট সরকারেও দলটি অংশ নিয়েছিল।

আরব দলকে বাদ দিয়ে সরকার গঠন কঠিন

ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস আল-জাজিরাকে বলেন, আরব দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠন করা আইজেনকোটের মতো বিরোধী নেতাদের জন্য কঠিন হতে পারে।

নির্বাচনি প্রচারে কয়েকটি দল আরব দলগুলোর সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না পেলে তাদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।

পিঙ্কাসের মতে, আরবদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। শুধু ভোটের প্রয়োজন হলে তাদের সমর্থন চাওয়ার রাজনীতিরও মূল্য দিতে হবে।

তবে আরব দলগুলোর দাবির সঙ্গে ইহুদি নেতৃত্বাধীন কোনো জোট সরকারের অবস্থানের বিরোধ তৈরি হতে পারে। ফলে সরকার গঠনের আলোচনা জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।