এআই সহকারীর মতো কাজ করবে গুগল সার্চ

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

২০২৫ সালে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গুগলের সর্বশেষ আয় প্রতিবেদন সংক্রান্ত আলোচনায় তিনি সার্চকে একটি এআই ‘যাত্রার’ অংশ হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল শুরু হয়েছে। খবর টেকক্রাঞ্চ। সুন্দর পিচাই বলেন, ‘এআই মানুষের জিজ্ঞাসার পরিধি ক্রমাগত বিস্তৃত করছে। তাই ২০২৫ সাল হতে যাচ্ছে সার্চ প্রযুক্তির অন্যতম বৃহত্তম উদ্ভাবনের বছর। গুগল এখন সার্চে আরও বেশি এআই ফিচার যুক্ত করার পরিকল্পনার পরবর্তী ধাপে কাজ করছে। এ কাজ সমাধায় নিয়োজিত তাদের গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ড। তা ছাড়া গুগল সার্চ ধীরে ধীরে একটি এআই সহকারীর মতো হয়ে উঠছে, যা ইন্টারনেট ব্রাউজ করবে, ওয়েবসাইট পর্যবেক্ষণ করবে ও সরাসরি উত্তর দেখাবে। গুগল কয়েক বছর ধরেই সার্চ ফলাফল উন্নত করতে কাজ করছে। তবে ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে সার্চের ক্ষেত্রে এআই নিয়ে গবেষণা ও এর ব্যবহার বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। কারণ তখন চ্যাটজিপিটির ব্যবহার বেড়ে যাওয়ায় গুগল বেশ চাপে ছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ পরিবর্তনের কারণে গুগলের ট্রাফিকের ওপর নির্ভরশীল ওয়েবসাইট ও গুগল সার্চে বিজ্ঞাপন দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সার্চের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পিচাই বলেন, ‘প্রজেক্ট অ্যাস্ট্রার মাধ্যমে ভবিষ্যৎ কল্পনা করা যেতে পারে, যা ডিপমাইন্ডের মাল্টিমোডাল এআই সিস্টেমের একটি রেফারেন্স। এটি ক্যামেরা বা স্ক্রিন থেকে লাইভ ভিডিও দেখতে পারে এবং যা দেখছে সে সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারে।’ গুগলের ব্যবসার অন্যান্য ক্ষেত্রেও প্রজেক্ট অ্যাস্ট্রাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা চাচ্ছে যে মাল্টিমোডাল এআই সিস্টেমের মাধ্যমে একদিন অগমেন্টেড রিয়েলিটি স্মার্ট গ্লাস চলবে। এর জন্য গুগল নিজেই অপারেটিং সিস্টেম তৈরি করবে।