বইমেলায় পাওয়া যাচ্ছে ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’ প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ শহীদ আল বোখারী মহাজাতক এর লেখা বই ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটি মূলত আলোকিত জীবনের পথে শতাধিক বাণীর একটি সংকলন। নীল-সাদা প্রচ্ছদে সহজ ভাষা ও সহজবোধ্য করে লেখা ১২৮ পৃষ্ঠার পুস্তিকাটি সহজে বহনযোগ্য, চাইলে পকেটেই রাখা যায়। জীবন পরিবর্তনে বড় কিছুর প্রয়োজন নেই। ছোট্ট একটি কথা কিংবা একটি বাণীই হতে পারে যথেষ্ট! ‘কোয়ান্টাম ভাবনা ফিউশন’ বইয়ের ১১৯টি বাণী পাঠ করতে করতেই পাঠকের উপলব্ধিতে নাড়া দেবে। শহীদ আল বোখারী মহাজাতক, যিনি বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ। তার লেখা এ বইয়ের ভূমিকায় গভীর নীরবতায় ডুবে মন-বিপ্লব ঘটানোর আহ্বান জানানো হয়েছে পাঠকের প্রতি। কোনো কোনো বাণীতে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে- আপনি কেন জন্মেছেন? বেঁচে থাকার এই কারণ জানতে হবে। এর উত্তর পেলেই জীবন হয়ে উঠবে ছন্দময়। পথচলা পথিকের কানে কানে হয়তো কোনো বাণীতে বলা হবে- গন্তব্যে তারাই পৌঁছায় যারা লক্ষ্যে অবিচল থাকে। আবার আশাবাদ ও বিশ্বাসের পার্থক্য ফুটে উঠবে কোনো কোনো বাণীতে। বাণীগুলো পাঠকের প্রয়োজন অনুযায়ী উপলব্ধিতে নাড়া দেবে। ভাবিয়ে তুলবে। ভাবনার ঢেউ ঘটাবে নীরব মুহূর্তে। বইটি পড়তে পড়তেই আপন রঙে রঙিন হতে পারে যেকোনো পাঠকের জীবন। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। আমি চিন্তা করতে পারি, সংযম করতে পারি, অপেক্ষা করতে পারি, ভালবাসতে পারি এবং নিঃস্বার্থ সেবা দিতে পারি- এই পাঁচটি পারা’য় বিশ্বাস করতে পারা তরুণদের উদ্দেশে বইটি উৎসর্গ করা হয়েছে। যার দাম রাখা হচ্ছে ৫৫ টাকা। তবে ৪০ টাকায় অমর একুশে বইমেলায় ৩৬২ নম্বর কোয়ান্টাম স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বই থেকে প্রাপ্ত আয়ের অর্থ সৃষ্টির সেবায় নিবেদিত হবে বলে জানা গেছে। ছোট ছোট ভাবনায় মন-বিপ্লব ঘটিয়ে বড় পরিবর্তন আসুক পাঠকের জীবনে। বই হোক নিত্যসঙ্গী। SHARES বইমেলা বিষয়: কোয়ান্টামফিউশন