ফাহমিদুল-আল আমিনকে লুকিয়েই রাখছেন ক্যাবরেরা!

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক সোমবার রাতে সৌদির তায়েফে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে ফুটবলাঙ্গনে রয়েছে প্রচুর কৌতুহল। ফাহমিদুল ক্যাম্পে তিন দিন পার করলেও ফুটবলপ্রেমীরা এখনো তার কোনো অনুভূতি, চ্যালেঞ্জ বা লক্ষ্য কিছুই জানতে পারেননি। শুধু ফাহমিদুল নয় প্রাথমিক স্কোয়াডে অনুশীলন চালিয়ে যাওয়া নতুন আরো দুই ফুটবলার আরিফ হোসেন, আল আমিনও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এখনো।

জাতীয় ফুটবল দলে নতুন মুখের প্রতি গণমাধ্যমের আগ্রহ বরাবরই বেশি। বিগত সময়গুলোতে অনুশীলনের প্রথম দিনেই নতুন খেলোয়াড়দের প্রতিক্রিয়া মিডিয়া গ্রহণ করে আসছে। স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময় হচ্ছে ব্যতিক্রম। কোন খেলোয়াড় মিডিয়া আসবেন এটা সাধারণত টিম ম্যানেজার, মিডিয়া ম্যানেজারই সাধারণত ঠিক করে থাকেন। বাংলাদেশ ফুটবল দলে সাম্প্রতিক সময়ে এটাও সম্পূর্ণ হেড কোচ হ্যাভিয়েরের ওপরই।

জাতীয় দলের ম্যানেজার আমের খান নতুন খেলোয়াড়দের কোনো বার্তা প্রদান না প্রসঙ্গে বলেন, ‘স্বাভাবিকভাবেই নতুনের প্রতি মানুষের আকর্ষণ থাকে। অনুশীলনের আগে বা পরে মিডিয়ায় খেলোয়াড়দের বক্তব্য দেয়ার বিষয়টি হেড কোচই নির্বাচন করে থাকেন।’