গাজায় সর্বশেষ ক্যানসার হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বশেষ চালু ক্যানসার হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ‘তার্কিস-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নেতজারিম করিডরের সালাহ আল দীন স্ট্রিটের কাছে অবস্থিত। হাসপাতালটিতে প্রতি বছর ১০ হাজার রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। এর আগে, হাসপাতালটি ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। ২০১৭ সালে তুরস্ক ৩৪ মিলিয়ন ডলার অনুদান দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করে। ইসরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এ ছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। তারা বলছে, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজাকে বসবাসের অনুপযোগী করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালানো হচ্ছে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: অনুদানমিলিয়নসংবাদমাধ্যম