আরব আমিরাতে নতুন শুরু বাংলাদেশের প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ তিন বছর আগে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ অবশ্য টাইগাররা ২-০ ব্যবধানে জিতেছিল। এবার পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে নামছে লিটন দাসের দল। এই সিরিজ দিয়েই নতুন অধিনায়ক লিটন দাসের যাত্রা শুরু। মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে কুড়ি ওভারের বিশ্বকাপ। এর আগে অন্তত ১৯টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ হলে সংখ্যাটা আরও বাড়বে। সেটিরই শুরুই হচ্ছে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। আজ শনিবার বাংলাদেশ সময় ৯টায় ম্যাচটি শুরু হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।২০২২ সালের সফরে আমিরাতের বিপক্ষে সিরিজে জিতলেও বাংলাদেশকে প্রথম ম্যাচে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার বাড়তি সতর্ক বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ৩ টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশ তিনটিতেই জিতেছে। এবারও ফেবারিট তারা। তবে মাঠের লড়াই শুরুর আগে আরব আমিরাতকে ভালো দলই বলছেন অধিনায়ক লিটন, ‘নিজেদের মাঠে আমিরাত ভালো দল। স্বাগতিক হওয়ায় এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের।’ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। স্বাভাবিকভাবেই এমন দলের বিপক্ষে লিটন দাসদের না জেতার কোন কারণ নেই। লিটন তাই বলেছেন , ‘আমাদের প্রথম লক্ষ্য—দুটি ম্যাচই জিততে চাই।’ গত বছর ক্যারিবীয় সফরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছিল। শান্তর ইনজুরিতে ওই সিরিজের নেতৃত্বে ছিলেন লিটন। এবার আনুষ্ঠানিকভাবে তিনি নেতৃত্ব পেয়েছেন। নতুন বছরের টি-টোয়েন্টি অভিযানও শুরু হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে লিটনের নেতৃত্বে। নতুন অধিনায়ক লিটন নেতৃত্বের জন্য প্রশংসিত হলেও ব্যাট হাতে এখনও নিজেকে ফিরে পাননি। তবে আত্মবিশ্বাসে তার কমতি নেই। ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, ‘অধিনায়কত্বে আমার কোনও রোল মডেল নেই। অধিনায়কত্ব ছাড়াও খারাপ খেলেছি, আবার অধিনায়ক হয়ে ভালো খেলতেও পারি।’ SHARES ক্রিকেট বিষয়: বাংলাদেশসিরিজ