হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি ৩ মে থেকে শুরু

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এছাড়া ১২ মে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনময়মনসিংহ জেলা ও বরিশাল জেলা–এ এই কার্যক্রম চালু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

রোববার সকালে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩ মে থেকে দেশের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতেও ধাপে ধাপে টিকা দেওয়া হবে, যাতে কোনো শিশুই ঝুঁকির মধ্যে না থাকে। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা মহামারি পরিস্থিতির মতোই উদ্বেগজনক।

এদিকে গত ৫ তারিখ থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ, নাটোর সদর এবং যশোর সদরসহ বিভিন্ন এলাকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনা হবে এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।