হজ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬ পবিত্র হজ পালনের জন্য একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না। সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের জন্য সব ধরনের অফিসিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়। SHARES আন্তর্জাতিক বিষয়: অনুমতিসতর্কসৌদি-আরবহজহজ ও ওমরাহ মন্ত্রণালয়হজ ভিসা