পশ্চিমবঙ্গে পর্যটনের বিজ্ঞাপনে নেই পশ্চিমবঙ্গই, সোশ্যাল মিডিয়ায় ট্রল প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ একটি পর্যটন বিজ্ঞাপন সাধারণত দর্শককে কোনো জায়গায় যাওয়ার স্বপ্ন দেখায়। পাহাড়, সমুদ্র, বন, স্থাপনা কিংবা সংস্কৃতির ছবি দেখিয়ে বলে—‘এখানে আসুন।’ পশ্চিমবঙ্গের নতুন পর্যটন বিজ্ঞাপনও সেই কাজটিই করার কথা ছিল। কিন্তু বিজ্ঞাপনটি দেখে দর্শকের চোখে সবার আগে যে প্রশ্নটি ধরা পড়ল, তা হলো— পশ্চিমবঙ্গ কোথায়? শুরুতে অবশ্য দেখা যায় পশ্চিমবঙ্গের প্রতীকী হাওড়া ব্রিজ। তারপরই যেন বিজ্ঞাপনটি রাজ্যের সীমানা পেরিয়ে চলে যায় অন্য দুনিয়ায়। আরও পড়ুন কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, রাত কাটছে রাস্তাতেই ফ্রান্সের আইফেল টাওয়ার, রাশিয়ার সেন্ট বাসিলস ক্যাথেড্রাল, মিশরের পিরামিড, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার—এক এক করে হাজির হয় বিশ্বের নানা প্রান্তের পরিচিত স্থাপনা। ছিল না শুধু পশ্চিমবঙ্গের কোনো জায়গা। গত শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন লোগো ও ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন স্লোগান রাখা হয়েছে, ‘West Bengal: Where India feels different’। এর পাশাপাশি রাজ্যের পর্যটন অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছে। উদ্যোগটির লক্ষ্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে তুলে ধরা। আরও পড়ুন সুন্দরবনে নতুন বাহিনী মোতায়েন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈচিত্র্য কম নয়। দক্ষিণে সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে উত্তরে হিমালয়ের তুষারঢাকা পাহাড়— এক রাজ্যের মধ্যেই রয়েছে সমুদ্র, বন, পাহাড় ও শহরের বৈচিত্র্য। কিন্তু নতুন বিজ্ঞাপনে সেই বৈচিত্র্যের খুব সামান্যই দেখা গেছে। বিজ্ঞাপনে নেই দার্জিলিং, সুন্দরবন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিংবা বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মন্দির। বিজ্ঞাপন ফলে বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উপহাসের কারণ হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনে বিদেশের এত স্থাপনা দেখানোর প্রয়োজন হলো কেন? তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন বিজ্ঞাপনটির সমালোচনা করে লিখেছেন, ‘Trash’ শব্দটিও এটির জন্য যথেষ্ট নয়। সাবেক ত্রিপুরা ও মেঘালয় রাজ্যপাল তথাগত রায়ও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘বোকা’ ও ‘অপেশাদার’ ভিডিও বর্ণনা করে দ্রুত তা বাদ দেওয়ার দাবি জানান। তার প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনে মস্কো, মিশর ও রিও ডি জেনিরোর দৃশ্য কেন থাকবে? একজন ব্যঙ্গ করে জানতে চেয়েছেন, বিজ্ঞাপন তৈরির দায়িত্ব কি গুজরাটভিত্তিক কোনো বিজ্ঞাপনী সংস্থাকে দেওয়া হয়েছিল? সূত্র: ইন্ডিয়া টুডে কেএএ/ Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: পশ্চিমবঙ্গে পর্যটনের বিজ্ঞাপনে নেই পশ্চিমবঙ্গইসোশ্যাল মিডিয়ায় ট্রল