এভারেস্টের বেস ক্যাম্পে বীর কুমার, সঙ্গী ছিল বাইসাইকেল প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬ কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙ্গামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে বাইসাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম পাহাড়ের কোনো ছেলে বীর কুমার। ‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামের অভিযানের শুরু হয়েছিল ১৬ আগস্ট। কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। এরপর সাইকেলে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পৌঁছে শুরু করেন হিমালয়ের দুর্গম পথের রোমাঞ্চকর অভিযান। বীর কুমার ফেসবুক পোস্টে লিখেছেন, ৩৮ দিনের এই দীর্ঘ অভিযাত্রার লক্ষ্য শুধু হিমালয় জয় করা ছিল না। রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে বিশ্বের সামনে আনাও ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার তনচংগ্যা এর আগেও নানামুখী সাইকেল অভিযানের ইতিহাস গড়েছেন। তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ক্রস-কান্ট্রি রুট পাড়ি দিয়েছেন। এ ছাড়া ভারতের ১০টি রাজ্য ভ্রমণেরও অভিজ্ঞতা আছে তার। ব্যক্তিগত জীবনে তিনি ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ ও ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’র প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি স্বেচ্ছায় রক্তদান ও পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। Download PhotoCard SHARES বিশেষ সংবাদ বিষয়: এভারেস্টের বেস ক্যাম্পে বীর কুমারসঙ্গী ছিল বাইসাইকেল