বাড়িতে তৈরি করুন সুস্বাদু আলু পনিরের ঝাল

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

শারদীয় দুর্গোৎসবে খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ না হলে কি আর চলে! উৎসবের দিনে অনেকেই চেনা খাবারের বাইরে একটু ভিন্ন স্বাদের পদ খেতে পছন্দ করেন। তবে সুস্বাদু কিছু রান্না করতে যে অনেকটা সময় ব্যয় করতে হবে, তা নয়।

অল্প সময়েই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার আলু পনিরের ঝাল। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে এই পদ জমে যাবে বেশ।

উৎসবের দিনে চেনা রান্নায় আনুন নতুন স্বাদ

উৎসবের দিনে চেনা রান্নায় আনুন নতুন স্বাদ

আসুন জেনে নেওয়া যাক কীভাবে আলু পনিরের ঝাল বাড়িতে রান্না করবেন-  

উপকরণ

  • পনির ২ কাপ
  • আলু ১ কাপ (ডুমো ডুমো করে কাটা)
  • টমেটো কুচি ১টি
  • আদা বাটা ১ চা চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • গরমমসলা গুঁড়া আধা চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • আস্ত এলাচ ১ টি
  • দারুচিনি ১ টুকরা
  • তেজপাতা ২ টি
  • জিরা ১ চা চামচ
  • চিনি আধা চা চামচ
  • তেল বা ঘি ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে আলু ও পনির টুকরোগুলোতে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে অল্প তেলে হালকা আঁচে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল বা ঘি দিয়ে আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা ও জিরা ফোড়ন দিন। অল্প নেড়ে কুচানো টমেটো দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে সামান্য পানি দিয়ে লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, জিরা বাটা ও অল্প চিনি মিশিয়ে নিন।

মসলা কষানো হলে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর পনিরের টুকরোগুলো দিয়ে প্রয়োজনমতো পানি যোগ করুন।

ঝোল ঘন ও মাখা মাখা হয়ে এলে ওপরে সামান্য ঘি ও গরমমসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলু পনিরের ঝোল।