দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
দেশের বাজারে গত শুক্রবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এ দিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এরপর নতুন করে আর সমন্বয় না হওয়ায় আজ রবিবারও ওই দামেই বিক্রি হচ্ছে সোনা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সোনার দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নিধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।