সিটি গ্রুপের ঋণ এখনই খেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ঋণ আপাতত খেলাপি হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সংকট কাটিয়ে গ্রুপটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিলের সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে বলা হয়েছে।

ব্যবসা সচল রাখতে নতুন মূলধন জোগানের জন্য ঋণদাতা ব্যাংকগুলোর সমন্বয়ে জোট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন, ঋণদাতা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী এবং সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

গত সেপ্টেম্বর পর্যন্ত এসব ঋণ খেলাপি না করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই সময়সীমা শেষ হওয়ার পর কয়েকটি ব্যাংক ঋণখেলাপি হিসেবে নথিভুক্ত করে আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয়। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বলা হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে গ্রুপটির ব্যবসা বন্ধ হয়ে যায়।

ঋণদাতা ব্যাংকগুলোও গ্রুপটিকে সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যবসায় ফেরাতে সহায়তার আগ্রহ প্রকাশ করে। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সিটি গ্রুপ আগে কখনো খেলাপি হয়নি। গ্রুপটিকে সহায়তা দিয়ে আগের অবস্থায় ফেরানোর বিষয়ে ব্যাংকগুলো আগ্রহী।’

অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খান জানান, ‘চলতি মাসের মধ্যে ঋণ নিয়মিত করতে এককালীন কিছু অর্থ জমা দেবে সিটি গ্রুপ। এরপর কেন্দ্রীয় ব্যাংকে প্রস্তাব পাঠানো হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে গ্রুপটির পরিস্থিতির উন্নতি হতে পারে।’

সভার বিষয়ে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, ‘গ্রুপটিকে স্বাভাবিক ধারায় ফেরাতে নানা পরামর্শ উঠে এসেছে সভায়। গ্রুপটির ব্যবসা যাতে সচল থাকে, ব্যাংকগুলো সে বিষয়ে সচেষ্ট। আমরা সবাই চাই, গ্রুপটি ঘুরে দাঁড়াক।’