চীনা ভাষা ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ শিক্ষা, ভাষা, কারিগরি দক্ষতা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক। এ সময় দুই পক্ষের মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়টির সভাপতি অধ্যাপক মা ওয়েনহুইয়ের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি চীনা ভাষা শিক্ষার সঙ্গে কারিগরি দক্ষতা যুক্ত করে পাঠ্যক্রম চালুর বিষয়েও আলোচনা করেন তিনি। এ ছাড়া শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন অধ্যাপক মা। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণাগার স্থাপন, সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণ এবং গবেষক ও শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব লক্ষ্য অর্জনে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ সময় অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জ্যেষ্ঠ সচিব। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান তিনি। আবদুল খালেক বলেন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে বাংলাদেশ আগ্রহী। প্রস্তাবিত সহযোগিতার আওতায় যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নের কার্যক্রমে বাস্তব অগ্রগতি হলে দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকেরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে জ্যেষ্ঠ সচিব ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি চীনের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালন কাঠামো, বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে উপযোগী বিষয়গুলো কাজে লাগানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি। Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: চীনা ভাষা ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ