কালো বিড়ালের থাবা বন বিভাগে প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ কালো বিড়ালের থাবা থেকে রাহুমুক্ত হতে পারেনি বন বিভাগ। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়মে উজাড় হচ্ছে বন। অন্যদিকে নিয়োগ ও বদলি বাণিজ্যে সিন্ডিকেট গড়ে চলছে লুটপাট। দুর্নীতি দমন কমিশনের হুঁশিয়ারি, নোটিসেও বন্ধ হচ্ছে না বন বিভাগের দুর্নীতি। ওয়ান-ইলেভেনের আলোচিত ‘বনের রাজা’ ওসমান গনির উত্তরসূরিরাই এখন বনের শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তাদের ভয়াবহ অনিয়মে দেশের বনভূমি উজাড় হচ্ছে। জানা গেছে, বনের বিভিন্ন পদ নিলামে ওঠে। সুন্দরবন, পার্বত্য এলাকার বড় পদগুলো নিয়ে চলে দরকষাকষিও। কোটি কোটি টাকার নিয়োগ ও বদলি বাণিজ্যে শীর্ষ কর্মকর্তারা জড়িত থাকার কারণে বন বিভাগে লুটের রাজত্ব কায়েম হয়েছে। জানা গেছে, খোদ প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী থেকে শুরু করে ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাজ্জাদ হোসেনসহ অনেকের বিরুদ্ধে রয়েছে অভিযোগের তীর। বর্তমান বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দায়িত্ব নিয়ে দুর্নীতি-অনিয়ম দূর ও বদলি বাণিজ্য বন্ধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। তিনি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন বন অধিদফতরে নিয়োগ, পদোন্নতি, বদলি এবং পদায়নে অর্থনৈতিক লেনদেন ও অনিয়মের ১৬টি গুরুতর অভিযোগ পান। সে অভিযোগগুলো আমলেও নেওয়া হয়েছিল। এ ছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণা প্রতিবেদনেও বন বিভাগে নিয়োগ ও বদলি বাণিজ্য, জবরদখল করা বনভূমি পুনরুদ্ধারে ব্যর্থতা, বন আইন লঙ্ঘন করে নানা কর্মকাণ্ড, বনভূমির জমির দাগ ও খতিয়ানে ইচ্ছাকৃত ভুল তথ্য সংযোজন করে বনভূমি জবরদখলের সুযোগ প্রদান, ভূমিসংক্রান্ত দফতরগুলোর সঙ্গে যোগসাজশে ভুয়া দলিল ও নথি তৈরি করে বনের জমি অন্যের নামে রেকর্ড করা, বনায়ন প্রকল্পের ৬১ শতাংশ পর্যন্ত অর্থ আত্মসাৎ, বন অধিদফতরের সব স্তরে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। সর্বশেষ গত ২৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বন বিভাগ থেকে দুর্নীতি দূর করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। জানা গেছে, মহাখালীতে অবস্থিত বন ভবনটি আগাগোড়া একটি দুর্নীতির আখড়া। ডিএফও থেকে বিট কর্মকর্তা পর্যন্ত সব স্তরে চলে ভয়াবহ বদলি বাণিজ্য। বন রক্ষার নামে বিভিন্ন প্রকল্প তৈরি করে টাকা লুটপাট, নিয়োগ-বদলি বাণিজ্যের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি অর্থ কামাতেই সময় পার করেন এখানবার কর্মকর্তাদের বড় অংশ। ফলে আলোচনার বাইরে থাকা এ বিভাগে কয়েক বছর চাকরি করেই অনেকে বাড়ি-গাড়ির মালিক বনে যাচ্ছেন। বাড়ি কিনছেন বিদেশেও। পাচার করছেন অবৈধ অর্থ। অনেক কর্মকর্তার বাড়িতে অভিযান চালালে ওসমান গনির মতো টাকার বস্তা বেরিয়ে আসবে। সূত্রমতে, অর্থের বিনিময়ে ফরেস্টারদের বন বিভাগের গুরুত্বপূর্ণ রেঞ্জগুলোর রেঞ্জ কর্মকর্তার চেয়ারে বসিয়ে দেওয়ার অভিযোগের শেষ নেই। অর্ধযুগ পার হলেও একই স্টেশনে পোস্টিং রাখা, নিজ এলাকায় পোস্টিং দেওয়াসহ সবকিছুই হচ্ছে টাকার বিনিময়ে। টাকা ছাড়া বন বিভাগে কোনো কাজ হয় না। উল্লেখ্য, বনের রাজা উপাধি পাওয়া সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির বাসায় ২০০৭ সালে অভিযান চালিয়ে বালিশের ভিতর, তোশকের নিচে, চালের ড্রামে, ওয়্যারড্রোবে, আলমারিতে ও বাসার আনাচে-কানাচে মিলেছিল কাঁড়ি কাঁড়ি টাকা। মামলা হওয়ার পর ২০০৭ সালের ১৮ জুন তিনি কারাগারে যান। দুর্নীতির অভিযোগে আদালত তাকে ১২ বছর কারাদণ্ড দেন। বর্তমানে সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন সুবিধাবঞ্চিত বন বিভাগেরই বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। তারা বলছেন, বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের বাড়িতে দুদক অভিযান চালালে সাবেক বনের রাজা ওসমান গনির বাসার চেয়ে আরও অনেক সম্পদ মিলবে। অনুসন্ধান করলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার, নামে- বেনামে বাড়ি-গাড়ি ক্রয়সহ নানা তথ্য সামনে আসবে। এদিকে সাবের হোসেন চৌধুরী এ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবাজরা আতঙ্কে আছেন। পরিবেশ, বন রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ ও অভিজ্ঞ মানুষ। তবে বন বিভাগের রন্ধ্রে রন্ধ্রে ঘাঁটি গাড়া দুর্নীতিবাজদের এ ভয়াবহ সিন্ডিকেট মন্ত্রী ভাঙতে পারবেন কি না সেটাই এখন প্রশ্ন। কারণ অনিয়মের পাহাড়ে বসে থাকা লুটপাটকারীদের সিন্ডিকেট বিশাল। ঘাটে ঘাটে রয়েছে তাদের প্রভাব। SHARES জাতীয় বিষয়: দুর্নীতিসিন্ডিকেট