ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে দায়িত্বরত ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩০ মার্চ) ট্রাফিক মতিঝিল বিভাগের ৩৫০ জন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্রদান করা হয়। ট্রাফিক পুলিশের দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যে যেন কোন নেতিবাচক ছাপ না পড়ে সেজন্য দু’পালায় উক্ত ব্রিফিং প্রদান করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে করণীয়-বর্জনীয়, ইন্টারসেকশন ম্যানেজমেন্ট, রাস্তা হকারমুক্ত করা, শতভাগ পেশাদারিত্ব ও কর্তব্য নিষ্ঠায় জিরো টলারেন্স, শপিংমল কেন্দ্রিক করণীয়, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচল, অপরাধ বিভাগের সাথে সমন্বয়, বাসস্টপেজ ব্যবস্থাপনা এবং সর্বোপরি ডিএমপি কমিশনার মহোদয়ের মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগের সকল সদস্যগণ সম্মানিত নগরবাসীর স্বস্তি প্রদানে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সমুন্নত রাখার জন্য ব্রিফিং প্যারেডে আলোচিত বিষয়গুলো সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।