আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা এবং পরবর্তী সময়ে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।তাদের প্রবেশের বিষয়টি ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে সৌদি আরবে দক্ষ কর্মী অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ফ্লাইট বিপর্যয়ের কারণে যেসব বাংলাদেশি কর্মী নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে পারেননি এবং এর মধ্যে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা পরবর্তী সময়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। তাদের প্রবেশের তথ্য ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।আলোচনা সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং ভিসা যাচাইপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মীদের গন্তব্য দেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।