স্কুলে আসার পথেই অসুস্থ, ক্লাস না করে ফিরেছে অনেক শিক্ষার্থী

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী আজমিরা ইয়াসমিন। সে বনশ্রী শাখার ইংলিশ ভার্সনের দিবা শাখার ছাত্রী। রুটিন অনুযায়ী—তীব্র তাপপ্রবাহের মধ্যে তার ক্লাস শুরু দুপুর ১২টায়। চলবে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত।

রোববার (২৮ এপ্রিল) স্কুল খোলার দিকে ভরদুপুরে গণপরিবহনে চড়ে স্কুলে এসে ক্লাসে ঢোকার আগেই কিছুটা অসুস্থ হয়ে পড়ে আজমিরা। শিক্ষকদের সঙ্গে কথা বলে ক্লাস না করেই মায়ের সঙ্গে আবারও বাসায় ফিরে যায় সে।

আজমিরার মা সেলিনা বেগম বলেন, ‘আমাদের বাসা নতুনবাজার। ১১টার দিকে বেরিয়েছি। ১০ মিনিট হাঁটার পথ। তারপর মেইন রাস্তায় এসে বাস ধরেছি। বাড্ডা-রামপুরার জ্যাম ঠেলে ৩৫-৪০ মিনিট পর স্কুলে এসে পৌঁছালাম। বাসের মধ্যেই মেয়েটা বমি আসছে বলছিল। এখানে আসার পর ঠিকভাবে একা হেঁটে ভেতরে ঢুকতেও পারছে না। ও এখন ক্লাস করবে কীভাবে? স্যারদের সঙ্গে দেখা করে বলে এখন চলে যাচ্ছি।’

শুধু আজমিরা নয়, এ স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তারা ক্লাস না করেই বাসায় ফিরে গেছে। যাতায়াতের সময়ই তারা ক্লান্ত হয়ে পড়ছে বলে জানান অভিভাবকরা। ক্লাস করতেও অধিকাংশ শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যবোধ করছে না বলে জানিয়েছেন শিক্ষকরা।