চার গোলের সঙ্গে লজ্জার ঝুলি ভরে বাড়ি ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

একটা মৌসুম যত বাজে ভাবা শেষ করা যায়, তার সবটাই যেন করছে ম্যানচেস্টার ইউনাইটেড। লজ্জার রেকর্ড গড়তে যা যা বাকি, যেন তা সম্পূর্ণ করার মিশনেই নেমেছে এরিক টেন হাগের শিষ্যরা। গতকাল সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটিতে যেমন হলো।

গত সেপ্টেম্বরে মৌসুমের প্রথম দেখায় ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড। গতকাল সুযোগ ছিল প্যালেসের মাঠে প্রতিশোধ নেওয়ার। কিন্তু কীসের কী? উল্টো সেলহার্স্ট পার্কে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ইউনাইটেড, হেরেছে ৪-০ ব্যবধানে। এ হারে কয়েকটি লজ্জার রেকর্ডে উঠেছে ইউনাইটেডের নাম।

গতকাল পুরো ম্যাচে ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি। বল দখলের লড়াইয়ে টেন হাগের শিষ্যরা এগিয়ে থাকলেও আক্রমণ কিংবা লক্ষ্যে শট নেওয়ায় যোজন যোজন ব্যবধানে পিছিয়ে ছিল। বরং ওলিস-মাতেতাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি কাসেমিরো-ইভানসরা।

ম্যাচের ১২ মিনিটে বাঁ পায়ের শটে প্যালেসকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার ওলিস। বিরতির ৫ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরাসি স্ট্রাইকার জ্যঁ-ফিলিপে মাতেতা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশায় আক্রমণ কিছুটা বাড়িয়েছিল ইউনাইটেড। কিন্তু ৫৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করে সফরকারীদের সে আশা ফিকে করে দেন টাইরিক মিচেল। ৮ মিনিট পরে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি মারেন ওলিস। এতেই নিশ্চিত হয়, বড় হার নিয়ে মাঠ ছাড়ছে ইউনাইটেড।