কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত সাবেক লিভারপুল তারকা, পায়ে ৫০ সেলাই প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার জেরমাইন পেনান্ট জানিয়েছেন, কুকুরের আক্রমণে পঞ্চাশটিরও বেশি সেলাই লেগেছে তার। জার্মান শেফার্ড জাতীয় কুকুরের আক্রমণের শিকার হয়েছেন ৪৩ বছর বয়সী এই ফুটবলার।গত সপ্তাহে নিজের দুই পোষা কুকুরকে নিয়ে লিভারপুলের সাবেক এই তারকা ফুটবলার হাঁটতে বেরিয়েছিলেন। তখন জার্মান শেফার্ড জাতীয় এক কুকুরের আক্রমণে আহত হন তিনি।নিজের পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন তিনি। তার ভাষায়, কুকুরটি তার পায়ে কামড় দেয় এবং কিছুতেই ছাড়ছিল না। পরে নিজের অন্য পোষা কুকুরটি এসে তার সঙ্গে লড়াই করে এবং বড় ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করে।পেনান্ট দ্য সানকে জানিয়েছেন, আক্রমণে তার ডান পায়ে চারটি কামড়ের ক্ষত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে এবং ক্ষতস্থানে ৫০টির বেশি সেলাই দিতে হয়।তবে তার পোষা কুকুর কিং গুরুতর আহত হয়নি। কিংয়ের পায়ে সামান্য কামড়ের দাগ পড়লেও শরীরে রক্ত লেগে গিয়েছিল। পেনান্ট জানান, রক্ত দেখে প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে বুঝতে পারেন, সেই রক্ত তার নিজের।ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পেন্যান্ট লেখেন, ‘একটি জার্মান শেফার্ড আমার ওপর আক্রমণ করেছিল। আমি কিংকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু কুকুরটি আমার পা কামড়ে ধরে। আমি মাটিতে পড়ে ছিলাম, আর কুকুরটি পা ছাড়ছিল না। কিং বুঝতে পারছিল না কী ঘটছে। তবে এগিয়ে আসার পর সে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং আমাকে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচায়।’কিংকে নিজের নায়ক উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমার নায়ক এখনো আমাকে রক্ষা করছে এবং আমার যত্ন নেওয়ার চেষ্টা করছে। কিং, তুমি সত্যিই অসাধারণ। তোমাকে ভালোবাসি। কুকুরই মানুষের সবচেয়ে ভালো বন্ধু।’ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কিংকে পাশে নিয়ে সোফায় বসে থাকতে দেখা যায় পেনান্টকে। তাদের দুজনের দেখাশোনা করার জন্য সঙ্গী মিমি মন্টগোমেরিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।২০১৮ সালে অবসরে যাওয়ার আগে ১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে ২৩১টি ম্যাচ খেলেছেন পেন্যান্ট। লিভারপুল ও স্টোক সিটির হয়ে খেলা এই উইঙ্গার বর্তমানে টকস্পোর্টের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।মাত্র ১৫ বছর বয়সে নটস কাউন্টি থেকে আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে সবচেয়ে দামি তরুণ খেলোয়াড় হিসেবে আলোচনায় এসেছিলেন পেন্যান্ট। তখন তাঁর জন্য ২৫ লাখ পাউন্ড খরচ করেছিল আর্সেনাল। SHARES খেলাধুলা বিষয়: কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত সাবেক লিভারপুল তারকাপায়ে ৫০ সেলাই