টাকার বিনিময়ে ভাতা কার্ড পাচ্ছে স্বচ্ছল ব্যক্তি-স্বজনেরা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

নাটোরে বয়স্ক, বিধবা ও গর্ভবতী ভাতা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের এসব সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বচ্ছল ব্যক্তি ও স্বজনদের তালিকাভুক্ত করছেন জনপ্রতিনিধিরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্রদের জন্য বয়স্ক, বিধবা ও গর্ভবতী ভাতা দিয়ে আসছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের।

তবে এই তালিকায় যোগ্যদের জায়গা না হলেও, স্বজনপ্রীতির কারণে সুবিধা পাচ্ছেন স্বচ্ছল অনেকেই। এ ছাড়া অর্থের বিনিময়েও অনেককে তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে।

এলাকাবাসী বলছেন, যাদের বয়স কম তারাই পাচ্ছে এ ভাতা। চেয়ারম্যান ও মেম্বারের কাছে গিয়ে অনেকবার ঘুরে এরপর অর্থের বিনিময়ে কার্ড মিলছে তাদের। আবার অনেকে অভিযোগ করছেন স্বামী মারা যাওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও পাওয়া যায় না বিধবা ভাতা।

এসব অভিযোগ অসত্য উল্লেখ করে, নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা।

নাটোর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজ্জামান কালু জানালেন, যে বা যারা ভাতা পাওয়ার যোগ্য সঠিক যাচাইয়ের পর তাদেরকেই ভাতা কার্ড দেওয়া হয়।

তবে সরকারি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে যে ভাতার ব্যবস্থা রয়েছে সরকার সেগুলোর ব্যাপারে খুব সতর্ক দৃষ্টি রাখছে। তবে মাঝে মাঝে কিছু অসাধু ইউপি সদস্যদের কিছু ভুল সিলেকশন হয়ে থাকে। এগুলো নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের সঠিক তালিকা করে সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।