২৪ বছর পর সেবারটুথের মুখোমুখি উলভারিন, রেফারি ডেডপুল?

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৪

দীর্ঘ ২৪ বছর পর ফের মুখোমুখি লড়াইয়ে নামছে মার্ভেল কমিকস দুনিয়ার অন্যতম দুই সুপারহিরো উলভারিন ও সেবারটুথ। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির ‌‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবির একঝলক। এতেই সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আঁচ পেয়েছে দর্শকরা। আর এই ট্রেলার ভাইরাল হতেই উত্তাল নেটদুনিয়া।

সবশেষ উলভারিন-সেবারটুথকে মুখোমুখি লড়াইয়ে দেখা গিয়েছিল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স-মেন’ ছবিতে। সেবারটুথ নামের হিংস্র খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা টাইলার মেইন। উলভারিনের ভূমিকায় হিউ জ্যাকম্যানের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা থেকে জমাট অ্যাকশন দর্শকদের কাছে এখনও স্মৃতিময়। অবশ্য এরপর সেবারটুথ চরিত্রে সেভাবে দেখা যায়নি টাইলারকে। ফলে ভক্তরা অনেক দিন ধরেই আবারও তাঁকে দেখতে মুখিয়ে আছেন। অন্যদিকে, ২০০৯ সালে ‘এক্স-মেন ওরিজিনস’ ছবিতে ‘সেবারটুথ’ চরিত্রটি দেখা গেলেও সেই ভূমিকায় অভিনয় করেছিলেন লিয়েভ স্ক্রেইবার।এদিকে, মুক্তি প্রতীক্ষিত ডেডপুল অ্যান্ড উলভারিন’র ট্রেলারে দেখা গেছে, অশুভ লোকদের পিটিয়ে চলেছে উলভারিন। শেষ শত্রুকে মেরে উত্তেজিত হয়ে সে বলে উঠে, ‘আর কেউ আছে?’ এমন সময় দেখা যায় আড়াল থেকে বেরিয়ে এল পুরনো সেবারটুথ! মুখে বিড়বিড় করে উলভারিনের উদ্দেশে সে বলে, ‘মৃত্যুর জন্য এবার প্রস্তুত হও।’ সেবারটুথকে দেখামাত্রই জান্তব গর্জন করে এগিয়ে যায় উলভারিন। অপর প্রান্ত থেকে মরণপণ লড়াইয়ের জন্য ছোটা শুরু করে সেবারটুথও। তবে হঠাৎ করে তাদের থামিয়ে দু’জনের মাঝখানে দৌড়ে এসে দাঁড়িয়ে পড়ে ডেডপুল! নিজের পরিচিত সুরে জানায়, এই লড়াই দেখার জন্য বহুবছর ধরে অপেক্ষা করছেন দর্শক। তাই এই লড়াই হুট করে শুরু করলে হবে না। এত সহজে হবে না। সময় নিয়ে ব্যাপারটা করতে হবে। ট্রেলারের ঝলক শেষ এখানেই। মূল কথা, উলভারিন-সেবারটুথের লড়াই দেখতে দর্শকদের যেতে হবে প্রেক্ষাগৃহে। সিনেমাটি আগামী ২৭ জুলাই মুক্তি পাচ্ছে।