বোটানিক্যাল গার্ডেনের টিকেট মূল্য নিয়ে বিভ্রান্তি, ক্ষোভ প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪ ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে শনিবার টিকেট মূল্য ৫০ টাকা রাখলেন কাউন্টারকর্মী, তবে ভেতরে প্রবেশের পর জানা গেল ভিন্ন তথ্য। দর্শনার্থীদের কেউ কেউ বলছিলেন, তাদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হয়েছে টিকেট কাউন্টারে; আবার কেউ বলছিলেন, ৫০ টাকা দিয়েই ভেতরে প্রবেশ করেছেন তারা। আগে ২০ টাকা টিকেট ফি রাখা হলেও বৃহস্পতিবার থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ফি ধরা হয়েছে ৫০ টাকা। অপরদিকে উদ্যানে শরীর চর্চার জন্য যাওয়া ব্যক্তিদের আগে ফি না লাগলেও এখন তাদের বাৎসরিক কার্ড করে নিতে হবে। এর জন্য দিতে হবে ৫০০ টাকা। আবার ভেতরে তাদের অবস্থান করা যাবে মাত্র এক ঘণ্টা। একলাফে টিকেটের দাম পঁচগুণ বাড়ানো নিয়ে ‘অসন্তোষের’ মধ্যে কাউন্টারে দামের এমন হেরফেরের কারণে ‘হতাশা’ প্রকাশ করলেন উদ্যানে আসা দর্শনার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে উদ্যানের কাউন্টারের সামনে এক তরুণকে বলতে শোনা গেলে- “এত্ত দাম কেন?” তার সঙ্গে থাকা এক তরুণীও বলছিলেন, “এত টাকা দিয়ে ভেতরে যাওয়ার দরকার নেই।” বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী সিন্থিয়া দুই বান্ধবী নিয়ে শনিবার পুরান ঢাকা থেকে প্রথমবার ঘুরতে আসেন উদ্যানে। তাদের কাছ থেকেও টিকেটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। অনেকের কাছ থেকে ৫০ টাকা রাখা হচ্ছে শুনে সিন্থিয়া বলেন, “দামে এমন বিভ্রান্তি কেন! টিকেটের দাম ৫ গুণ বাড়িয়ে ১০০ টাকা করা একেবারেই বাড়াবাড়ি।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোহাম্মদ এসেছিলেন মা ও বোনকে নিয়ে। তাদের তিনজনের কাছ থেকেই প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা। কারও কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে শুনে তিনি বললেন, “এত দাম হলে তো আর কেউ আসবে না, লোকসানে পড়লে তারা ঠিকই দাম কমাতে বাধ্য হবে।” SHARES জাতীয় বিষয়: কাউন্টারকর্মীবোটানিক্যাল