সর্দি-জ্বরেই মারা যাবে ভবিষ্যৎ প্রজন্ম? প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। গত তিন বছরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। ফলে ভয়াবহ আকার ধারণ করেছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এদিকে গবেষণায় দেখা গেছে, প্রকৃতিতে পাওয়া বেশিরভাগ ব্যাকটেরিয়া এখন ৬০-৭০ শতাংশ পর্যন্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। এমনকি শেষ ধাপের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত সেফালোস্পোরিন, বিটা-ল্যাক্টাম, কার্ব্যাপেনেম, কলিস্টিন ও অ্যামিনোগ্লাইকোসাইডসহ বেশকিছু ওষুধের বিরুদ্ধে কিছু ব্যাকটেরিয়া ৯০ শতাংশ পর্যন্ত প্রতিরোধী হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পূর্ববর্তী প্রজন্ম (দাদা-দাদি) যেভাবে সাধারণ রোগে ভুগে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, একইভাবে ভবিষ্যৎ প্রজন্মও (নাতি-নাতনি) সাধারণ হাঁচি-কাশি-জ্বরে মৃত্যুঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় বর্তমান প্রজন্মের কাছে প্রশ্ন, চূড়ান্ত ধাপে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে নাতি-নাতনিদের কি আমরা ভয়াবহ ঝুঁকিতে ফেলে যাব? কিশোরগঞ্জ সদর উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মো. মনিরুল ইসলাম (৬০)। স্ত্রী-সন্তানদের নিয়ে প্রতিষ্ঠানসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন তিনি। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় এক মাস ধরে চিকিৎসা নিয়ে চাকরির টানে কোনোরকম সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মনিরুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ ইউরিন ইনফেকশন (প্রস্রাবের সংক্রমণ) সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি ‘মাল্টিপল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ অর্থাৎ তার শরীরে বাসাবাঁধা জীবাণু ধ্বংস করতে বেশ কয়েক ধরনের ওষুধ এখন আর কাজে আসছে না। এমন অবস্থায় চিকিৎসকরা তাকে কিছু ওষুধ দিয়ে পুনরায় পরীক্ষা করানোর পরামর্শ দেন। দ্বিতীয় পরীক্ষাতেও দেখা যায়, সিরাজুল ইসলামের শরীরের জীবাণু ধ্বংস করতে ওষুধের যে শক্তি কাজ করার কথা ছিল, সেটি তেমন কাজ করেনি। তৃতীয় ধাপেও নতুন কিছু ওষুধ এবং কোর্স শেষে আবারও পরীক্ষা করা হয়। সর্বশেষ ১৮টি অ্যান্টিবায়োটিক দিয়ে ইউরিন কালচার টেস্ট করা হলে এর মধ্যে ১৪টিই রেজিস্ট্যান্ট (প্রতিহতকারী) আসে। এমনকি যেগুলো রেজিস্ট্যান্ট নয়, সেগুলোর মধ্যেও দুটি ওষুধ ঠিক মতো কাজ করছে না বলে জানা যায়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের (অ্যান্টিবায়োটিক প্রতিরোধী) এমন চিত্র শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আর মো. মনিরুল ইসলামের ক্ষেত্রেই নয়। রাজধানীর প্রতিটি হাসপাতালে খোঁজ নিলে এমন ঘটনা এখন ‘অহরহ’ ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। এমনকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু রাজধানী শহর নয়, দেশের গ্রামাঞ্চলগুলোতেও নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। SHARES ফিচার বিষয়: অ্যান্টিবায়োটিকরেজিস্ট্যান্স