‘রাজাকার’ বলে পরিচয় দিলে পতাকা বেঁধে মিছিলের অধিকার থাকতে পারে না

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

ডা. দীপু মনি বলেছেন, ‘যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোন অধিকার থাকতে পারে না’।

রোববার (১৪ জুলাই) দিনগত মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

রোববার বিকেল ৪টায় চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী। সে সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতি-নাতনিরা চাকরি পাবে!

তার এ বক্তব্যের প্রতিবাদে রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। এর পর দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে জড়ো হয়ে মধ্যরাত অবধি বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এসব স্লোগানের মধ্যে কিছু বক্তব্যের প্রতিবাদ জানান ডা. দীপু মনি। যেমন, শিক্ষার্থীদের স্লোগান ছিল- ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কীসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’।

এ ছাড়াও মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও, আমি নই, রাজাকার, রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না’ ইত্যাদি স্লোগান দেন।

এমন ধরনের স্লোগানের প্রেক্ষিতে দেশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ফেসবুকে মুক্তিযুদ্ধের বিভিন্ন পোস্টার ও স্লোগান লিখে পোস্ট করতে থাকেন। যেমন- ‘তুমি কে? আমি কে বাঙ্গালী বাঙ্গালী’ ইত্যাদি।