‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’ প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন। এসময় তারা ‘কোটা না মেধা, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, কে বলেরে রাজাকার ধিক্কার ধিক্কার বলে স্লোগান দিচ্ছেন। রোববার (১৪ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর এ বিক্ষোভ দেখান তারা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহিন বলেন, আজকে আমাদের আন্দোলন শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে। সেই সঙ্গে অতিদ্রুত সংসদে কোটা সংস্কার পাস করতে হবে। SHARES জাতীয় বিষয়: প্রত্যাহারশিক্ষার্থীরা